রাজধানীর ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ বেশির ভাগ সড়কের ফুটপাত ব্যবসায়ীদের দখলে। ফুটপাত দখল করে বিভিন্ন ধরনের মালামাল নিয়ে বেচাকেনা করছেন তাঁরা। টি-স্টল থেকে শুরু করে ভাজাপোড়া খাবারের দোকানও গড়ে তোলা হয়েছে সেখানে।
এ ছাড়া কিছু ফুটপাত ছাপিয়ে সড়কের ওপরও ব্যবসা খুলে বসেছেন তাঁরা। এভাবে ফুটপাত দখল হওয়ায় পথচারীরা সড়কের ওপর দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে।
এর ফলে ওই সব সড়কে ছোটখাটো দুর্ঘটনার শিকার হওয়া ছাড়াও প্রতিনিয়ত যানজট পোহাতে হচ্ছে ঢাকাবাসীকে। এ কারণে ট্রাফিকব্যবস্থা ভেঙে পড়াসহ শহরের সৌন্দর্যও হারাতে বসেছে।
ঢাকা সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসনের উদাসীনতায় দখলবাজরা বেপরোয়া বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী এলাকা ঘুরে দেখা যায়, কলেরা হাসপাতালের আশে পাশে, মহাখালী পুলিশ বক্সের পাশে, কাঁচা বাজার থেকে রেলগেইট পর্যন্ত, বন ভবনের পাশের গলি এবং বিপরীত পাশের পারমাণবিক শক্তি কমিশন করোনি রোডের পুরো ফুটপাত, সরকারি তিতুমীর কলেজের পাশে, ওয়্যারলেস গেইট মোড় থেকে মহাখালী মডেল স্কুল পর্যন্ত, কমিউনিটি সেন্টার থেকে টিবি গেইট পানির টাংকি পর্যন্ত, টিবি গেইট ওয়াসা অফিসের সামনে থেকে টিবি হাসপাতাল পর্যন্ত সড়কের দুই পাশে ফুটপাত দখল করে বিভিন্ন ধরনের মালামাল নিয়ে ব্যবসা খুলে বসা হয়েছে।
মহাখালীর এসব সড়ক অত্যন্ত ব্যস্ততম বাণিজ্যিক এলাকা ও গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে বিবেচিত। এই সড়কগুলোয় প্রতিদিন হাজার হাজার বিভিন্ন প্রকার যানবাহন ও হাজারো শিক্ষার্থী, পথচারী চলাচল করে। ফুটপাতগুলো দখল হয়ে যাওয়ায় শিক্ষার্থী ও পথচারীরা সড়কের ওপর দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। এর ফলে প্রায় প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনাসহ যানজটে নাকাল হচ্ছে নগরবাসী।
ওয়্যারলেস গেইট কাউন্সিলর কার্যালয়ের সামনে থেকে বেলতলা পর্যন্ত সড়কের ওপর কাপড়, জুতা-স্যান্ডেল, বিভিন্ন ধরনের তৈজসপত্র, ফলের দোকান, মনোহারি সামগ্রী, টি-স্টল, পুরি-শিঙাড়া, ঘড়ি মেরামত, মাছ-তরকারিসহ বিভিন্ন ধরনের মালামাল নিয়ে দিব্যি ব্যবসা করে চলেছে। যে কারনে প্রতিদিন ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। একি অবস্থা টিবি গেইট পানির টাংকির পিছনের গলিতে ও বন ভনের পিছনের গলির।
টিবি গেইট ওয়াসা অফিসের সামনে থেকে টিবি হাসপাতাল পর্যন্ত সড়কের ফুটপাত চা দোকানিরা দখল করে রেখেছে। পুরো ফুটপাত দখল করে কাস্টমারদের বসার জন্য টুল রেখে ও বিভিন্ন ধরনের মালামাল নিয়ে চুটিয়ে ব্যবসা করছেন তারা। যে কারনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা রোগী ও রোগীর স্বজনদের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়েই চলাচল করতে হয়। সরকারি তিতুমীর কলেজের মূল ফটকের বাইরে বাম পাশে ওভারব্রীজের নিচে ফুটপাতে এরআগে কখনো দোকান বসতে দেখা যায়নি। ইদানিং এখানেও দখল হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে এখানেও কিছুদিন পর ফুটপাত দিয়ে হাঁটার জায়গা অবশিষ্ট থাকবে না।
মহাখালীর ব্যস্ততম সড়কের ফুটপাত ও সড়কের অংশবিশেষ দখল হওয়ায় যানবাহন ও পথচারী চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দোকান মালিক জানান, তাঁরা স্থানীয় সরকার সমর্থক প্রভাবশালী ব্যক্তি ও পুলিশকে টাকা দিয়ে থাকেন। এ ছাড়া ফুটপাতের ব্যবসা নিয়ে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে।